প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে হামের টিকা বিতরণের সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে, ৬ এপ্রিল ব্যারিস্টার আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার উদ্যোগ নিতে বলা হয়। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭