প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
আলেম-ওলামাদের ওপর অবিচার হতে দেব না: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছেন, তবে আলেম-ওলামাদের ওপর কোনো অবিচার, অত্যাচার বা জুলুম হতে দেবেন না।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানিপশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যেন বঞ্চিত না হয় এবং তাদের প্রতি যেন অবিচার না করা হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বিষয়ে তারা সোচ্চার রয়েছেন বলেও জানান তিনি।
আলেম-ওলামাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামের প্রচার ও মাদ্রাসা পরিচালনায় আলেমসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের আলেমসমাজ একটি প্ল্যাটফর্মে আসতে পারলে অনেক কিছুই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আলেমদের সমাজের ধারক ও বাহক উল্লেখ করে মন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে কওমি আলেম-ওলামাদের ভূমিকা রয়েছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারপ্রধান ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার বিষয়টি ভাবেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা এই সম্মানী ভাতা পাবেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭