প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 17, 2026 ইং
ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনারের পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে তিনি অবসরে যান।
মোসলেহ উদ্দিন আহমেদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন আহমেদ।
২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন তিনি। সবশেষ তিনি সিআইডি প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমেদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭