প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
নাফ নদী থেকে চার বাংলাদেশি জেলেকে ধরে নেওয়ার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে।
সোমবার (১৮ মে) দুপুরের দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০) ও মো. জামাল হোসেন (৪০)।
নৌকার মালিক আবছার বলেন, “দুটি নৌকাসহ চারজন জেলে সকাল ৬টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। দুপুর ১২টার দিকে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।”
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, “আমার এলাকার চারজন জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭