প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করা ১৭০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং লিবিয়া সরকারের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, লিবিয়ায় প্রবেশের পর তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান। এ সময় আইওএম তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭