প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
নিরাপদ ঢাকা গড়াই প্রধান চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

রাজধানীকে নিরাপদ নগরীতে রূপ দিতে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনসংখ্যার চাপ, প্রযুক্তিনির্ভর অপরাধ, কিশোর গ্যাং, মাদক ও সংঘবদ্ধ অপরাধের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নগরবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই আমার প্রধান চ্যালেঞ্জ। আর এই লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অপরিহার্য। পুলিশের সদস্যসংখ্যা অপ্রতুল হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
তিনি বলেন, দ্রুত নগরায়ণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ, ভাসমান মানুষের সংখ্যা বৃদ্ধি এবং বস্তি এলাকায় অপরাধপ্রবণতা আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও সাইবার অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে।
নতুন ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোট অপরাধ হলেও পুলিশকে তথ্য দিতে দ্বিধা করা উচিত নয়। কারণ ছোট অপরাধ থেকেই অনেক সময় বড় অপরাধের জন্ম হয়। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর যানজট নগরবাসীর অন্যতম বড় ভোগান্তি। এ সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এআইভিত্তিক ট্রাফিক সিস্টেম চালুর মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তি আরও বিস্তৃত করা হবে।
এ সময় নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭