প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের আবেদন জানিয়ে রিটটি করা হয়েছিল। তার দাবি, এই সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এলেও বিষয়টি উপেক্ষা করতে না পারে।
রিটকারী অপর আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়ের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল। তদন্ত কীভাবে হবে, সেটি সরকার নির্ধারণ করবে।
তিনি জানান, আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে নির্দেশনা জানার জন্য সময় নিয়েছিলেন। তবে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭