প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
কান উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’

কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগ ‘সিনেমা দ্য দোমাঁ’য় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’।
ফ্রান্সের কান শহরে চলছে উৎসবের ৭৯তম আসর। সেখানে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সামনে প্রদর্শনের সুযোগ পাচ্ছে বাংলাদেশের এই চলচ্চিত্র। ‘নুড়ি’ রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান। প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। উৎসবে অংশ নিতে তারা দুজনই বর্তমানে কানে অবস্থান করছেন।
প্রযোজক হাসিব জুবেরী শিহান বলেন, এসএফসি বা শর্ট ফিল্ম কর্নার একটি পেশাদার প্ল্যাটফর্ম। এখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়। তরুণ নির্মাতাদের জন্য এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার বড় সুযোগ। এ আয়োজনের অংশ হতে পেরে তারা আনন্দিত।
১৬ মিনিট দৈর্ঘ্যের ‘নুড়ি’ চলচ্চিত্রের পটভূমি কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিতে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প তুলে ধরা হয়েছে। সদ্যজাত একটি ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্কের মধ্য দিয়ে সে সাহস ও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়।
চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছে কক্সবাজারের এক স্থানীয় কিশোরী।
নির্মাতা মিথুন জামান বলেন, একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে দেখানোর চেষ্টা করা হয়েছে, বৈশ্বিক বাস্তবতা কীভাবে মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে ‘নুড়ি’ মনে করিয়ে দেয়-সহনশীলতা অনেক সময় ছোট ছোট মানবিক আচরণের মধ্যেই টিকে থাকে। একই সঙ্গে সবচেয়ে ভঙ্গুর সম্পর্কের মধ্যেও আশা বেঁচে থাকতে পারে।
চলচ্চিত্রটির সহপ্রযোজক বাশার জর্জিস ও হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শব্দ পরিকল্পনায় ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনা করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭