প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে পাঞ্জাবি গায়িকাকে হত্যার অভিযোগ

অপহরণের ছয় দিন পর ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপশিল্পী ইন্দর কৌরের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর সেদিন নিজের গাড়িতে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরে তার ভাই অপহরণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কানাডাপ্রবাসী সুখবিন্দর সিংয়ের নাম উঠে এসেছে। পরিবারের দাবি, সুখবিন্দর ইন্দরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
পরিবারের অভিযোগ, এই প্রত্যাখ্যানের ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে ইন্দর কৌরকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সুখবিন্দরের বাবা প্রীতম সিং ও তার বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত সুখবিন্দর সিং ইতোমধ্যে কানাডায় পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
১৯৯৭ সালে জন্ম নেওয়া ইন্দর কৌর একসময় পাঞ্জাবি সংগীত জগতে পরিচিত মুখ ছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আফগান জট্টি’, ‘সোহনা লাগদা’, ‘লানেদারনি’ ও ‘দেশি সিররে দে’। প্রায় পাঁচ বছর আগে গান থেকে সরে এসে তিনি একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন।
সূত্র: এই সময়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭