প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ইসলামী ব্যাংকের ওপর সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখার সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সঞ্চালক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুম। বক্তব্য রাখেন সমাজসেবক কাজী মো. ইয়াছিন, অধ্যাপক শফিকুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সরকারের অযাচিত হস্তক্ষেপ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি করছে। তারা ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পুনর্বহালের আহ্বান জানানো হয়। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে “ক্ষমতালোভী ও পরিবেশ ধ্বংসকারী” হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়।
বক্তারা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগও দাবি করেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বান জানান। এছাড়া ইসলামী ব্যাংকিং খাতকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করার এবং আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের বিরুদ্ধে যথাযথ বিচার কার্যকর করার দাবি করেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধন শেষে তারা ব্যাংকের স্বাধীনতা, স্থিতিশীলতা এবং গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭