প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনের রুফটপে ১ মেগাওয়াট নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “এ উদ্যোগ কেবল বিদ্যুৎ উৎপাদনের নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ ভবনের ছাদে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে আমরা দেখাতে চাই, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার দিকে দৃঢ় অগ্রসর।”
উদ্বোধন কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুরোধে উপস্থিত ছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি সহ অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে প্রতিবর্গ কিলোমিটারে গড়ে ৪–৫ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি উৎপন্ন হয়। দেশের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রাখে। সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে কার্যকরও।”
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানিতে অংশ নেন, তাহলে বাংলাদেশ খুব দ্রুত টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭