প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুতে কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। তবে এ ঘটনায় তারা সে সুযোগ পাবে না।
বুধবার (৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের ময়নাতদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে আসামিপক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। বিচারকরাও বিষয়টি সম্পর্কে অবগত থাকবেন। তাই আবেগতাড়িত হয়ে নয়, বাস্তবতার ভিত্তিতেই বিচার হবে।
তিনি বলেন, বাস্তবতা হলো-ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এ মামলায় অভিযুক্তরা কোনো সুবিধা পাবে না। এ অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।
গত ২৭ মে, ঈদুল আজহার আগের দিন আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ কমিটিগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলায় ৫০ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে শিশু হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি হাসপাতালে একটি করে আইসিইউ রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য এক হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি হাসপাতাল নির্মাণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্যসেবা সহজ ও কার্যকর করতে কাজ করছে। দুর্নীতির বলয় থেকে বেরিয়ে স্বাস্থ্য খাতকে মানুষের জন্য আরও সেবামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ঘরে ঘরে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই কার্যক্রম সফল হলে পরে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গুর ভেরিয়েন্ট বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা বরাদ্দ রাখার নির্দেশনা থাকবে। এ ছাড়া পরীক্ষার প্রতিবেদনে ১০০ টাকার মধ্যে ৮০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭