প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2026 ইং
খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনার রূপসায় শাহীনুর শেখ নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শাহীনুর শেখ রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন শাহীনুর শেখ। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
তিনি বলেন, একটি গুলি শাহীনুরের পায়ে লাগে। আরেকটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭