প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
বেনাপোলে ব্যবসায়ীকে ক্যাম্পে আটকে নির্যাতনের অভিযোগ

বেনাপোল চেকপোস্ট থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা ১০ প্যাকেট ওরিও বিস্কুট কেড়ে নেওয়া এবং এর প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে ক্যাম্পে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিজিবি সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার নাভারণে নিজ ব্যবসায়িক অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘রয়্যাল ক্যাফে’র ডিলার মো. শিমুল হোসেন।
লিখিত বক্তব্যে শিমুল হোসেন জানান, গত ৩ মে ২০২৬ তিনি বেনাপোল চেকপোস্টের একটি খাবারের দোকান থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য ১০ প্যাকেট ওরিও বিস্কুট কেনেন। পরে বিস্কুট নিয়ে নাভারণে ফেরার পথে বেনাপোলের ১ নম্বর গেটের সামনে পৌঁছালে সেখানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তার কাছ থেকে বিস্কুটগুলো নিয়ে নেন।
তিনি অভিযোগ করেন, বিস্কুট ফেরত চাইলে বিজিবি সদস্যরা তাকে জোরপূর্বক ক্যাম্পের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় ‘রতন’ নামের এক বিজিবি সদস্য তার ওপর শারীরিক নির্যাতন চালান বলে দাবি করেন তিনি।
শিমুল হোসেন আরও অভিযোগ করেন, নির্যাতনের পর তাকে দিয়ে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে বলতে বাধ্য করা হয় যে বিজিবি কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি। পরে ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায় নাভারণ সরকারি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন বৈধ ব্যবসায়ী হয়েও সামান্য ১০ প্যাকেট বিস্কুটের জন্য তাকে যে ধরনের হেনস্তা ও নির্যাতনের শিকার হতে হয়েছে, তা অত্যন্ত অমানবিক।
এ ঘটনায় সঠিক তদন্ত, বিচার এবং অভিযুক্ত বিজিবি সদস্য রতনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মো. শিমুল হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭