প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরির বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর পরও সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে।
শনিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা সময়সাপেক্ষ বিষয়। তবে মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ মানুষকে সরকার বের করে এনেছে বলেও দাবি করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হলেও নিম্ন ও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, একই কারণে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার।
তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭