প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর।
শনিবার (৬ জুন) ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবিকার তাগিদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
তারা আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। এসব বিষয়ে সরকারের ঊর্ধ্বতন মহল কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা।
সমাবেশে সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নেতারা। তারা বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কর্তৃক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিসের ঢাকা উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সালমানসহ অন্য নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উত্তরা আজমপুর রাজউক কলেজ এলাকা থেকে শুরু হয়ে আজমপুর মেইন রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭