প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
লাইসেন্স বাতিলের ঘোষণা বেআইনি দাবি আদ্-দ্বীন হাসপাতালের

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হলে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। তবে নোটিশে জবাব সন্তোষজনক না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না-এমন প্রশ্ন তোলা হয়েছে, যা তার দাবি অনুযায়ী সম্পূর্ণ বেআইনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টের সারমর্ম প্রসঙ্গে শিশির মনির বলেন, শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে ওই ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কত ছিল এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কতটুকু অক্সিজেন থাকলে শিশুর মৃত্যু ঘটবে না, সে বিষয়েও রিপোর্টে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। ফলে এখানে অস্পষ্টতা থেকে যায় বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, “আমরা চাই যে প্রকৃত দোষী তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। আমার এর আগেও দুই সন্তানের জন্ম হয়েছে এ হাসপাতালে, তারা সুস্থ অবস্থাতেই ছিল।”
এ সময় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭