প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
ইশতেহার অনুযায়ী শিক্ষা বাজেটে বরাদ্দ ও সংস্কারের আহ্বান শিক্ষাবিদদের

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাত নিয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন, শিক্ষা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং কাঠামোগত সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ ও শিক্ষকনেতারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তারা এ আহ্বান জানান। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা বাজেট’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষা বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন না ঘটলে ঘোষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। শিক্ষার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ, ব্যয়ের কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষণা সহযোগী শৌর্য তালুকদার। তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বিশ্লেষণ তুলে ধরেন। একই সঙ্গে ইশতেহারের লক্ষ্য অর্জনে শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানো ও ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান ভিত্তি শিক্ষা। নির্বাচনী ইশতেহারে শিক্ষার উন্নয়নে যে রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে শিক্ষা বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ ও কাঠামোগত সংস্কার জরুরি।
তিনি দ্রুত জাতীয় বেতন স্কেল ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলের আওতায় আনার দাবি জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন বাকবিশিসের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। তিনি বলেন, শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষায় বাকবিশিস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে সংগঠনটির প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭