প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা এবং শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে।
শনিবার সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের সম্ভাবনা এবং তেল সরবরাহে তাৎক্ষণিক ঝুঁকি কমে আসার মূল্যায়নের কারণে তেলের দামে এই পতন দেখা গেছে।
অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। শতাংশের হিসাবে যা ২ দশমিক ০৪ শতাংশ কম।
এ ছাড়া মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। শতাংশের হিসাবে এই তেলের দাম কমেছে ৩ দশমিক ০২ শতাংশ।
অন্যান্য বেঞ্চমার্কেও দরপতন হয়েছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমেছে।
প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দাম ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করে।
গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাতের পর এই নৌপথে তেল পরিবহন ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭