প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
শেরপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটলেও শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির অধীন ১১৮ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ছয় ব্যক্তিকে রাখা হয়। পরে তাদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিজিবির দাবি, ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ওই ছয় ব্যক্তিকে ভারতের মেঘালয় রাজ্য থেকে এনে মানবপাচারকারী চক্রের সহায়তায় রাখা হয়েছিল। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি আরও জানায়, ঘটনার পর সীমান্তের সব বিওপিতে জনবল বাড়ানো হয়েছে। সম্ভাব্য পুশ-ইনপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে জনসচেতনতামূলক সভা করা হচ্ছে।
এ ছাড়া তথ্যদাতা নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবির টহল দল। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৩৯ বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭