প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
জাতীয় বাজেটের ৮ শতাংশের ওপরে স্বাস্থ্য খাতে রাখার আহ্বান সেলিম উদ্দিনের

স্বাস্থ্য খাতে মোট জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশের বেশি বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
একই সঙ্গে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জামায়াতের মেডিকেল শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জামায়াতের মহানগর উত্তর মেডিকেল বিভাগের আমির ডা. এস. এম. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলিম উদ্দিন অভিযোগ করেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলেও অনেক ক্ষেত্রে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়। এ ছাড়া সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফার্মেসিতে চলে যাওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের বদলি করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য চলে আসছে বলেও দাবি করেন সেলিম উদ্দিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭