প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুর মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন শুরু হয়। পরে তা শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এটি তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, গত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক মামলা-মোকদ্দমায় বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন মোস্তফা কামাল মিন্টু। তাই তার বিরুদ্ধে করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করেন।
মানববন্ধন থেকে মামলার বিষয়টি পুনঃতদন্তের জন্য শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭