প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০২ প্রাণ

এবার ঈদের আগে-পরে ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৯৪ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে দেশের জাতীয় মহাসড়কগুলোতে। বিগত ঈদের তুলনায় এবার সড়কে দুর্ঘটনা, মৃত্যু ও আহতের সংখ্যা বেড়েছে।
একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। এ ছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ১৬ জন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “দুর্ঘটনা নির্মূলে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে নিরাপত্তা করিডোর গড়ে তোলা এখন সময়ের দাবি। সড়ক-মহাসড়কের বড় অংশে বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে। এ ছাড়া সড়কে বিদ্যমান নানা ত্রুটির কারণেও দুর্ঘটনা বেড়েছে।”
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত এবং ১ হাজার ১৮২ জন আহত হয়েছিলেন। গত ঈদুল আজহার সঙ্গে তুলনা করলে এবার সড়ক দুর্ঘটনা ৩.৯৫ শতাংশ, প্রাণহানি ৩.০৭ শতাংশ এবং আহতের সংখ্যা ৯.৪৭ শতাংশ বেড়েছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৫০.৫০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৭১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৪.৪৬ শতাংশ সংযোগ সড়কে ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৮.৮৩ শতাংশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭