প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
এমপিও ও বকেয়া বেতনের দাবিতে কাফনের কাপড় পরে ইবতেদায়ি শিক্ষকদের অনশন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও বাস্তবায়ন ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।
রোববার সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির উদ্যোগে গত ২১ মে থেকে শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
দীর্ঘদিন অবস্থান কর্মসূচি পালন করেও দাবি আদায় না হওয়ায় রোববার থেকে আমরণ অনশনে যান তারা। সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতারা অংশ নিচ্ছেন।
অনশনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তির আলোকে গত বছর ৩ থেকে ১০ জুলাইয়ের মধ্যে বিধি অনুযায়ী এমপিওর জন্য আবেদন করা হয়। তবে প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কোনো মাদরাসা এমপিওভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন থাকা সত্ত্বেও শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জানুয়ারি ২০২৬ থেকে বেতন-ভাতা ছাড় করা হয়নি। এতে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭