প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
ভালো কাজে স্বীকৃতি পেলে পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভালো কাজের স্বীকৃতি পেলে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে আরও গতিশীল করা হবে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা তাদের কাজের স্বীকৃতি দিতে চাই। এতে তারা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “এমন কিছু আগে হয়েছে কি না, আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্টআপ করতে চাই, যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করে দায়িত্ব পালন করতে পারে।”
মন্ত্রী জানান, সাম্প্রতিক তিনটি ঘটনায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডে দ্রুত দায়িত্ব পালনকারী কয়েকজন সদস্য, দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকা পালনকারী তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য রয়েছেন।
সব মিলিয়ে ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার, সম্মাননা সনদ এবং কয়েকজনকে ব্যাজ প্রদান করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭