প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন শামা ওবায়েদ

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা, রেলওয়ে, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করতে নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ সভা আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগ ও সমর্থনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় স্পেনের সমর্থন কামনা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পাদনের গুরুত্বের ওপরও জোর দেন উভয় পক্ষ। এটি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও বৈঠকে মতবিনিময় হয়। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭