প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
ভারতের পুশইন চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ

বাংলাদেশে ভারতের পুশইনের চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।
শামা ওবায়েদ বলেন, “আমাদের কোনো নাগরিক যখন অবৈধভাবে কোনো দেশে যায়, তাকে নাগরিকত্ব যাচাই-বাছাই করে ফেরত আনার একটি প্রক্রিয়া আছে। একটি মেকানিজম আছে, যেটি বাংলাদেশ তার জায়গা থেকে অনুসরণ করে, ভারতও তার জায়গা থেকে অনুসরণ করে।”
পুশইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, “সেই মেকানিজম অনুসরণ না করে পুশইন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে আমরা ১২ থেকে ১৩টি চিঠি দিল্লিকে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে চিঠি দেওয়া হয়েছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সীমান্তে বিজিবি সজাগ রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই অনুমোদন করা হচ্ছে না।
তিনি জানান, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করেন এবং তাকে ফেরত আনতে হয়, তাহলে বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করেই তা করতে হবে। ইতোমধ্যে চেন্নাই থেকে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে যদি কোনো ভারতীয় অবৈধ নাগরিক থাকে বা ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধ নাগরিক থাকে, তাদের ফেরত আনার জন্য একটি বিদ্যমান মেকানিজম রয়েছে।”
তিনি আরও বলেন, “সেই বিদ্যমান মেকানিজম, কূটনৈতিক প্রক্রিয়া অবলম্বন করেই ভারতকে আমাদের সঙ্গে কাজ করতে হবে এবং কথা বলতে হবে। বাংলাদেশও সেটাই করবে। আমরা সব ধরনের কূটনৈতিক নর্ম অনুসরণ করছি।”
যখনই পুশইনের ঘটনার প্রতিবেদন আসছে, তখনই বাংলাদেশ ভারতকে চিঠি দিচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টির সমাধান করবে। অন্যথায় বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, “আমরা আশা করব ভারত সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেবে এবং যথাযথ প্রক্রিয়া, মেকানিজম ও কূটনীতির মাধ্যমে এর সমাধান করবে। কোনোভাবেই পুশইনের মাধ্যমে যদি তারা করে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭