প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
শর্ত পূরণে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: জাহেদ উর রহমান

নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় যারা দেশে আছেন, তাদের অনেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। যেহেতু নির্বাচন নির্দলীয়ভাবে হবে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং নির্বাচনের নির্ধারিত শর্ত পূরণ করেন, তাহলে তিনি অংশ নিতে পারবেন। তবে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ বা দলীয় পরিচয় ব্যবহার করা যাবে না বলে জানান তিনি।
তিনি বলেন, নির্দলীয় নির্বাচনে কেউ দলের কথা বলতে পারবেন না। একজন ব্যক্তি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে আসতে পারেন। তবে প্রচারে আওয়ামী লীগ বা দলীয় অবস্থান তুলে ধরলে সেটি সমস্যা হবে।
আরেক সাংবাদিক জানতে চান, কারও আওয়ামী লীগের পদপদবি থাকলে সে ক্ষেত্রে কী হবে? জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, তাই পদপদবি ব্যবহার করা যাবে না। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচন করার শর্ত পূরণ করলে তিনি প্রার্থী হতে পারবেন।
তিনি আরও বলেন, ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে এবং নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণ করলে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭