প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
ইরান দ্রুত ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে: ট্রাম্প

ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের প্রশংসা করে দেশটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান দ্রুত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হচ্ছে।
চলমান অবরোধকে নৌযুদ্ধের ইতিহাসে ‘সবচেয়ে সফল অবরোধ’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র না চাইলে কোনো কিছুই এর ভেতর দিয়ে যেতে পারে না। এটিকে তিনি ‘ইস্পাতের দেয়াল’ বলেও উল্লেখ করেন।
ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প দাবি করেন, দেশটির ব্যবসা-বাণিজ্য এখন প্রায় শূন্যের কোঠায়। তার ভাষায়, ইরান তাদের সামরিক বাহিনীকে বেতন দিতে পারছে না, এমনকি নিজেদের বিলও পরিশোধ করতে পারছে না।
ট্রাম্প আরও লেখেন, ইরান দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। তবে প্রচুর তেল বাইরে বেরিয়ে আসছে বলেও দাবি করেন তিনি।
একই পোস্টে চলমান মার্কিন অবরোধের কার্যকারিতা যথাযথভাবে তুলে না ধরার অভিযোগে গণমাধ্যমের সমালোচনা করেন ট্রাম্প।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বাইরে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, তেহরান যদি শেষ পর্যন্ত নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে নতুন বিমান হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছেন।
সূত্র: আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭