প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
পরিচয় মিলেছে জামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে।
ওই বৃদ্ধের নাম ষষ্টিচন্দ্র বর্মণ। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন।
এর আগে গতকাল বুধবার সকালে তাঁকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বিজিবির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় রেখে চলে যান বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় গতকাল দিনভর ওই সীমান্ত এলাকায় উত্তেজনা ছিল।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে সীমান্তের ১০৮২ নম্বর পিলার এলাকা দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন। পরে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। এরপর বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে শূন্যরেখায় রেখে চলে যান বলে অভিযোগ রয়েছে।
বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই বৃদ্ধকে দেখে তাঁর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাঁকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, ওই বৃদ্ধ তাঁর বাড়ি রাজশাহী বলে জানিয়েছিলেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তাঁর পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাঁকে চিনতে পেরেছেন। তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে এবং তাঁর বাংলাদেশি ভোটার আইডি কার্ডও রয়েছে।
তিনি আরও জানান, শূন্যরেখা থেকে উদ্ধার করে তাঁকে খাবার দেওয়া হয়েছে এবং থানা হেফাজতে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা আইনগত প্রক্রিয়া মেনে তাঁকে নিতে আসছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকে বিএসএফ কোথাও পুশ ইনের চেষ্টা করেনি এবং সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭