প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বহদ্দারহাটের ফরিদারপাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের সিএমপি কমিশনার বলেন, “নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে বিস্তারিত শুনেছি। শুক্রবার রাতে বিষয়টি জানার পরই ব্যবস্থা নিতে বলেছি। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
নাঈম হাসানের অভিযোগ, শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে পুলিশ সদস্যরা তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি থামান। একপর্যায়ে গলা চেপে ধরে তাকে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় লোকজন জড়ো হয়ে নাঈমের পরিচয় জানালেও পুলিশ সদস্যরা থামেননি বলে অভিযোগ তার। এ সময় তাকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।
গভীর রাতে নাঈমের বাবা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, স্বজন ও স্থানীয়রা থানায় যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের ফোন আসার আগপর্যন্ত থানায় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নাঈম।
এ ঘটনায় অপেশাদার আচরণের অভিযোগে খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিএমপি কমিশনার জানিয়েছেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭