প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
রামপুরায় সংকটাপন্ন ‘কাইল্যা পলাশ’, মামলা হলেও গ্রেপ্তার নেই

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’কে গুলি করার ঘটনায় মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পলাশের স্ত্রী হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্ত হওয়া পলাশের ওপর পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, হামলার সময় এবং পরে হামলাকারীদের গতিবিধি শনাক্ত করতে আশপাশের বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দীর্ঘদিন কারাগারে থাকার পর প্রায় এক মাস আগে জামিনে মুক্ত হন পলাশ। মুক্তির পর তিনি পুরোনো পরিচিত ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের ধারণা, পুরোনো বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেও এ হামলা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
গুলিবিদ্ধ পলাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানিয়েছে, গুলি তার কপাল দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করার পর মাথার অন্য পাশে আটকে ছিল।
হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেছেন, অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করা হয়েছে। তবে মস্তিষ্কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পলাশের অবস্থা এখনো সংকটাপন্ন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭