প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা সহায়তা

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়েছে বলে ইসলামী ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দেয়। তাঁর নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক আন্দোলন করে আসছেন। এর মধ্যে বিপুলসংখ্যক আমানতকারী ব্যাংক থেকে অর্থ তুলে নিতে শুরু করেন বলে জানা গেছে।
এর ফলে ব্যাংকটির তারল্য সংকট গভীর হয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছে সংরক্ষিত বাধ্যতামূলক নগদ জমার হার বা সিআরআর বজায় রাখতেও ব্যাংকটি ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে সমস্যা হবে না। প্রয়োজনে ব্যাংকটিকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭