প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে তার সঙ্গে ঘটে যাওয়া অসৌজন্যমূলক আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি দেশে ফিরে এসেছেন। তবে এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি সেখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে যা হয়েছে, তার তাৎক্ষণিক প্রতিবাদ করা প্রয়োজন ছিল। সে কারণেই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও বলেন, একপর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষ তাকে দেশটিতে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। তবে তিনি তাতে সম্মত হননি।
উপদেষ্টা বলেন, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি প্রতীকী প্রতিবাদ থাকা দরকার।”
ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং এ ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭