প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি। দলটির জন্মের পরও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে তাদের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা যখনই ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছি, গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তা জনগণের সামনে তুলে ধরেছেন।”
নিজেকে উদার গণতন্ত্রবাদী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিএনপিকে গণতান্ত্রিক ও উদারপন্থি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের জন্য বিএনপিই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক শক্তি।
তিনি বলেন, সংবাদপত্রের কালো দিবস সাংবাদিক সমাজ ও গণতন্ত্রকামী মানুষের কাছে দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার সংগ্রামে সাংবাদিকেরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক জীবনের কঠিন সময়ে সাংবাদিকেরা শুধু সংবাদ পরিবেশনই করেননি, অনেক ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামের কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা সত্য তুলে ধরতে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে এখন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। বর্তমান সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেকার সাংবাদিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার, সংবাদমাধ্যমের মালিক ও সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলোর ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। প্রধানমন্ত্রী বারবার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
আলোচনা সভায় বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭