প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 16, 2026 ইং
তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি বিএনপি ও সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন।
সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা কর্মসূচিতে বক্তব্য দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর ‘মুজিববাদী বয়ান’ চাপিয়ে দেওয়া হয়েছিল। তার ভাষ্য, ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে সেই ধারা থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, “আপনি যদি মুজিববাদের পথে যেতে চান, মনে রাখবেন আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না।” জনগণ এ ধরনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে বলেও দাবি করেন তিনি।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে পুশইন ও হত্যা বন্ধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। অন্যথায় জনগণ তাদের পদত্যাগে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে এনসিপির এই নেতা অভিযোগ করেন, সীমান্তে হত্যা ও পুশইনের ঘটনায় কার্যকর অবস্থান নেওয়া হচ্ছে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দেশের পররাষ্ট্রনীতি কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন হওয়া উচিত নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭