প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছর বয়সি শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সি মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পরিবারের আবেদনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে। তদন্তে আয়াতের পরিবারের বাসার ভাড়াটে মো. আবিরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানায় পিবিআই।
গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যার কথা স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। পরিকল্পনা ব্যর্থ হলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ ছয় টুকরা করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মো. আবির ও তার ১৭ বছর বয়সি এক বন্ধুকে আসামি করা হয়।
কিশোর হওয়ায় অপর আসামির নাম প্রকাশ করা হয়নি। তার বিচার শিশু আদালতে চলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবির বর্তমানে কারাগারে রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭