প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে আত্মরক্ষার অজুহাতে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ সরকার।
বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিষয়ে চাপ সৃষ্টি করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত তৎপরতার পরিপ্রেক্ষিতে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি একাধিকবার দিয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার ও বিজিবি কাজ করে যাচ্ছে। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়েও আলোচনা অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭