প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতা

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। আহত ওই নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৭ জুন) বিকেলে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আইনুল শেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী ও তার সহযোগীরা আইনুল শেখের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে লোহার পাইপ দিয়ে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিশিন্দারা উত্তরপাড়া এলাকার জায়েদ ও নুরুন্নাহার বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিতে নির্মাণকাজ শুরু হলে বগুড়া সিটি করপোরেশনে অভিযোগ দেওয়া হয়।
পরে ৯ জুন সিটি করপোরেশন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় এবং ২৪ জুন উভয় পক্ষকে শুনানিতে উপস্থিত থাকতে নোটিশ দেয়।
অভিযোগ অনুযায়ী, সিটি করপোরেশনের নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার বিষয়টি দেখতে বুধবার বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান আইনুল শেখ। এ সময় শাহ আলম বাপ্পী ও তার লোকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
আহত আইনুল শেখ দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে এর আগেও তার মা নুরুন্নাহার বেগমের ওপর হামলা হয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়। পরে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গেলে তার ওপর আবার হামলা করা হয় বলে তিনি জানান।
অন্যদিকে, অভিযুক্ত শাহ আলম বাপ্পী মারধরের কথা স্বীকার করে জমিটি নিজের বলে দাবি করেন। তিনি বলেন, সেখানে বাড়ি নির্মাণের সময় বাধা দেওয়ায় আইনুল শেখকে মারধর করা হয়েছে। ২৪ জুন সিটি করপোরেশনের শুনানির পর বিষয়টি নিষ্পত্তি হবে বলেও জানান তিনি।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭