প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2026 ইং
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ফায়ারিং রেঞ্জে নিজের নিশানা পরীক্ষা করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগে তিনি এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন এবং উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছেন। পেশাগত দক্ষতা বাড়াতে এই ফায়ারিং রেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং পেশাগত কর্মদক্ষতা বাড়াতে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে তার সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা ও ভালোবাসা। তাই নিরাপত্তার কড়াকড়ি বা সুরক্ষার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সে বিষয়ে এসএসএফকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হেনস্থা বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও এসএসএফকে বিশেষ নজর দিতে হবে।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন এবং তার মৃত্যুর পর জানাজার আয়োজন সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের সমন্বয়কারী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তরুণ বয়স থেকেই মায়ের সরকারপ্রধান থাকাকালে তিনি এই এলিট বাহিনীর পেশাদারত্ব ও কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।
এ ছাড়া আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশপ্রেম, পেশাদারত্ব এবং চেইন অব কমান্ড বজায় রেখে দায়িত্ব পালনের জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭