প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আনচেলত্তি

হাইতিকে ৩-০ গোলে পরাজিত করার পর ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৫ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দলের তারকা ফরোয়ার্ড নেইমার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
চোটের কারণে এখন পর্যন্ত চলমান আসরে মাঠে নামতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে তিনি ডাগআউটে থাকলেও হাইতির বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাননি। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার জন্য তিনি নিউ জার্সির বেস ক্যাম্পে অবস্থান করছিলেন।
নেইমারের অনুশীলন নিয়ে আনচেলত্তি জানান, শনিবার থেকে তিনি এককভাবে অনুশীলন শুরু করবেন। সোমবার থেকে দলের মূল অনুশীলনে যোগ দেবেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ে চোট পান নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। অবশেষে চোট কাটিয়ে ফেরার পথে এই তারকা ফরোয়ার্ড, যা ব্রাজিলের “হেক্সা” মিশনে বড় ধরনের আত্মবিশ্বাস যোগ করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭