প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশের মৃত্যু

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ।
গত শুক্রবার (১৯ জুন) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পলাশের মৃত্যুর পর তার স্ত্রী মাহমুদা খানমের দায়ের করা হত্যাচেষ্টা মামলা এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিপরীতে নিজ বাসার কাছাকাছি এলাকায় পলাশকে লক্ষ্য করে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুই দিন পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হামলার ঘটনায় পলাশের স্ত্রী হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং কয়েকজন অজ্ঞাতনামাও রয়েছে।
এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় এসে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে এবং এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইয়াসিন খান পলাশ রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আধিপত্য বিস্তার, আর্থিক দ্বন্দ্ব বা পুরোনো শত্রুতার জেরে এ হামলা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭