প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
মুন্সীগঞ্জে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ জুন) তিনি মুন্সীগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন।
সফরের শুরুতে তিনি গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দুইতলা বিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস–ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের চেইনেজ ০ থেকে ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পরবর্তীতে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা ও সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সেখানে একটি সেতু নির্মাণের ঘোষণা দেওয়া হয়।
পরে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের একটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন, যার লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা।
মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, জেলার উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭