প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র্যাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র্যাব।
রোববার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান এ কথা জানান।
তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আদাবরে মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানে ডাকাতির ঘটনাও তুলে ধরেন র্যাব-২-এর অধিনায়ক। তিনি জানান, গত মঙ্গলবার (১৬ জুন) একদল সন্ত্রাসী ওই এজেন্টকে কুপিয়ে দোকান থেকে তিন লাখ টাকা লুট করে।
ঘটনার পর পুলিশ অভিযানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় এক্সেল বাবু ও কবজিকাটা আনোয়ার গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নয়মুল হাসান।
তিনি আরও বলেন, অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেল এবং তার দুই সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
অপরাধে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭