প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে বলেও জানান তিনি।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এসব তথ্য জানান। তার উত্তর সংসদের টেবিলে উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টনসংক্রান্ত বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে।
একই সঙ্গে যৌথ নদী কমিশন, বাংলাদেশকে আরও শক্তিশালী করা এবং নদীর অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি অসত্য নয়।
তিনি জানান, দেশের পানিসম্পদ রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করতে কূটনৈতিক ও কারিগরি পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭