প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
২০২৮ সালের আগে ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা কম: বেবিচক চেয়ারম্যান

প্রয়োজনীয় আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন না করা পর্যন্ত ২০২৮ সালের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা কম।
রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী দুই বছরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) দুটি গুরুত্বপূর্ণ নিরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরে আইকাওর সিকিউরিটি অডিট এবং ২০২৭ সালের অক্টোবরে সেফটি অডিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্কের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, বিষয়টি শুধু আইকাওর অডিটের ওপর নির্ভর করছে না। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের এফএএর ক্যাটাগরি-১ এভিয়েশন সেফটি রেটিং অর্জনের বিষয়টিও সরাসরি সম্পৃক্ত।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “আমরা প্রথমে আইকাওর অডিটগুলো শেষ করব। ২০২৭ সালের অডিটে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর এফএএ ক্যাটাগরি-১ মর্যাদা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, অডিট-পরবর্তী মূল্যায়ন ও অনুমোদনপ্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ কাঙ্ক্ষিত রেটিং অর্জন করতে পারবে। তবে ২০২৮ সালের আগে সরাসরি নিউইয়র্ক ফ্লাইট চালু হবে কি না, সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।
বেবিচক চেয়ারম্যান বলেন, “২০২৭ সালের অডিট শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি অডিট-পরবর্তী মূল্যায়ন ও অনুমোদনপ্রক্রিয়ার ওপর নির্ভর করবে।”
দীর্ঘদিন এ রুটে ফ্লাইট পরিচালনা না করায় এফএএ বাংলাদেশকে ক্যাটাগরি-২-এ নামিয়ে দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে।
দীর্ঘ সময় ধরে ক্যাটাগরি-১ মর্যাদা পুনরুদ্ধার এবং নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালু করা সরকার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম লক্ষ্য। তবে প্রয়োজনীয় নিরীক্ষা ও অনুমোদনপ্রক্রিয়া বিবেচনায় এ রুট চালুর জন্য যাত্রীদের আরও অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭