প্রিন্ট এর তারিখঃ Jun 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: থানা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব তিতুমীর কলেজের

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলেয়া আক্তার, সম্পাদক প্রফেসর এম এম আতিকুজ্জামান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর কলেজ অভ্যন্তরীণ কমিটির আহ্বায়ক প্রফেসর ফাহমিদা আখতার লোপা, সদস্য ফয়জুস সালেহীন (সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ), উম্মে সালমা (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আসমা বেগম, অধ্যাপক ফাতেমা বেগম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক সিরাজুম মনিরাসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর থানা পর্যায়ের প্রতিযোগিতায় সরকারি তিতুমীর কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা অর্জন করেন।
এছাড়া ড. রাজিব আহসান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং মু. আবু জাফর শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতায় সরকারি তিতুমীর কলেজের বিএনসিসি গ্রুপ ও রোভার গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জন করে।
শিক্ষার্থীদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. লিতু হোসেন থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কলেজের বিভিন্ন বিভাগের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ বলেন , জাতীয় শিক্ষা সপ্তাহে অর্জিত এই সাফল্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ও দায়িত্বরত শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭