প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আগামী ৫ জুলাই বেঙ্গালুরুভিত্তিক উদ্যোক্তা গৌরি স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।
তবে সম্ভাব্য এই বিয়ে নিয়ে আমির খান কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ঘনিষ্ঠ মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
সূত্রগুলোর দাবি, বিয়ের অনুষ্ঠানটি হবে সীমিত পরিসরে এবং ব্যক্তিগত পরিবেশে। এতে দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকতে পারেন। বড় ধরনের আয়োজন বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার পরিকল্পনা নেই।
বলিউড তারকা শাহরুখ খান কিংবা সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য অতিথিদের নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গৌরি স্প্র্যাট একজন ওয়েলনেস ও বিউটি খাতের উদ্যোক্তা। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের পরিবারের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। আগের সংসারে তার একটি সন্তান রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গৌরি স্প্র্যাটের সঙ্গে বিয়ের খবর সত্য হলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২১ সালে আমির খান ও কিরণ রাও বিচ্ছেদের ঘোষণা দেন।
সম্ভাব্য এই বিয়ের খবর ঘিরে আবারও আলোচনায় এসেছে আমির খানের ব্যক্তিগত জীবন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টি নিয়ে বলিউড ও ভক্তদের মধ্যে নানা জল্পনা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭