প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
মুচলেকায় ছাড়া পেলেন এমপিপুত্র যুবদল নেতা সজীব

চাঁদাবাজির অভিযোগে হেফাজতে নেওয়া নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে ছেড়ে দেয়। সজীবের বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে সজীবকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্পগোষ্ঠীর গাড়ি আটকে সজীবের অনুসারীরা চাঁদা দাবি করেন। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে অর্থ আদায় ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে সজীবের বক্তব্য জানা যায়নি।
পুলিশ সদরদপ্তর রোববার রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেওয়া হয়। এক ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
এদিকে হেফাজতে নেওয়ার পর সজীবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭