প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব সময় তৎপর থাকবে।
তিনি দাবি করেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বিরোধী দলগুলোর সভা-সমাবেশ করাকে গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশে গণতন্ত্র বিকশিত হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও সদস্যসংখ্যা বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ঠেকাতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে চিঠিটি পাঠানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭